গতকাল জিপি হাউজে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ক্ল্যাশ রয়্যাল গ্রামীণফোন চ্যাম্পিয়নশিপ’- এর গালা অনুষ্ঠান। গেমারদের জন্য টুর্নামেন্টটি গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়।
গালা ইভেন্টে সেরা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে ১২ জন প্রতিযোগী। যেখান থেকে চ্যাম্পিয়ন হয়.মোহাম্মদ আরমান জুবায়েদ খান। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ইশতিয়াক রহমান এবং দ্বিতীয় রানারআপ হন রেদওয়ান শাহির অয়ন।
মাসব্যাপী এ টুর্নামেন্টটির নিবন্ধন শুরু গত ফেব্রুয়ারি মাসে। প্রায় ৯ হাজারের কাছাকাছি নিবন্ধনের মধ্য থেকে প্রথম রাউন্ডে প্রথম ৫ হাজার নিবন্ধনকারীকে অংশ নিতে আমন্ত্রণ করা হয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ডটি গত ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। কঠোর প্রতিযোগিতার পর একশ গেমার দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। যেখান থেকে ৫০ অংশগ্রহণকারী তৃতীয় ও পেনাল্টিমেট রাউন্ডের জন্য নির্বাচিত হয়। এ রাউন্ডটি অনুষ্ঠিত হয় ২৭ মার্চ। এদের মধ্যে থেকে ১২ জন সেরা গেমার অত্যন্ত ভালো খেলে গালা ইভেন্টের জন্য মনোনীত হয়। ক্ল্যাশ রয়্যাল গেম এর নিয়মকানুন অনুসারের টুর্নামেন্টটি পরিচালিত হয়।
টুর্নামেন্টের শীর্ষ তিন বিজয়ী ক্ল্যাশ রয়্যাল গেমের জেম পুরস্কার হিসেবে পান। টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে পুরস্কার হিসেবে দেয়া হয় ২৫শ’ জেম এবং প্রথম ও দ্বিতীয় রানার’স আপকে পুরস্কার হিসেবে দেয়া হয় যথাক্রমে ২ হাজার ও ১৫ শ’ জেম।
এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার বলেন, ‘স্বতস্ফূর্ত সাড়া পাওয়ার কারণে আমাদের এ টুর্নামেন্ট অভাবনীয় সাফল্য লাভ করেছে। পুরো টুর্নামেন্টজুড়েই অংশগ্রহণকারীরা অদ্ভুত দক্ষতা ও গেমের ওপর তাদের আধিপত্য দেখিয়েছে। বিজয়ীদের দক্ষতা বিশ্বমানের। তারা ক্ল্যাশ রয়্যালের যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষম।’
মাসব্যাপী টুর্নামেন্ট চলাকালে সব অংশগ্রহণকারী ‘ক্ল্যাশ রয়্যাল’র জন্য বিশেষ ডাটা অফার (শর্ত সাপেক্ষে) উপভোগ করে।
ক্ল্যাশ রয়্যাল’ বিখ্যাত ‘ক্ল্যাশ অব ক্ল্যান’ গেমের নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেলের একটি মাল্টিপ্লেয়ার গেম। গেমটি উন্মুক্ত হওয়ার খুবই অল্পদিনের মধ্যেই সারাবিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় হয়। ২০১৬ সালে বৈশ্বিকভাবে ‘ক্ল্যাশ রয়্যাল’ গেমটি মুক্তি দেয়া হয়। ওই বছর গেমটি গুগুল প্লে স্টোরে ‘বেস্ট গেম অব দ্য ইয়ার’জিতে নেয়।